রমজানের আগেই বাজারে লেবু–শসার দাম ঊর্ধ্বমুখী

by Fatih Work

রমজান শুরু হওয়ার আগেই সিলেটের বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে লেবু ও শসার দাম। এতে করে ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। একই সঙ্গে শসা প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ মাত্র এক সপ্তাহ আগেও লেবুর হালি ছিল ২০ থেকে ৩০ টাকা এবং শসার কেজি ছিল ৩০ থেকে ৪০ টাকার মধ্যে।

বিজ্ঞাপন
banner

সিলেট নগরীর বন্দরবাজার, আম্বরখানা, সুবিদবাজার ও মদিনা মার্কেট এলাকায় ছোট আকারের লেবু ১০০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। মাঝারি ও বড় আকারের লেবুর হালি ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, রমজান ঘনিয়ে আসায় চাহিদা বাড়ছে, আর সেই সুযোগে পাইকারি বাজারেও দাম বেড়েছে।

মদিনা মার্কেটের সবজি ব্যবসায়ী হান্নান মিয়া জানান, পাইকারি পর্যায়েই বেশি দামে লেবু কিনতে হচ্ছে। অনেক চাষি রমজানে বেশি দামে বিক্রির আশায় লেবু সংরক্ষণ করে রাখছেন। ফলে সরবরাহ কমে গিয়ে বাজারে দাম বেড়েছে।

অন্যদিকে সুবিদবাজারে কেনাকাটা করতে আসা ফাহাদ বিন পাপলু বলেন, রমজানে লেবুর চাহিদা বাড়ে বলেই প্রতিবছর দাম বাড়ে। তবে এবার রমজান শুরু হওয়ার আগেই লেবুর দাম ১০০ টাকায় পৌঁছে গেছে।

এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য দপ্তরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। অনিয়মের অভিযোগ পেলেই বাজারে অভিযান পরিচালনা করা হবে বলে তিনি জানান।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222