রংপুরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রংপুরে র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার বিকেলে মহানগর ছাত্রশিবিরের আয়োজনে কারমাইকেল কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে নগরীর শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মহানগর সভাপতি আনিসুর রহমান, মহানগর সাহিত্য সম্পাদক ওয়ালিউল্লাহ মুজাহিদ, মহানগর আইন সম্পাদক রিফাত হাসান, রংপুর মেডিকেল সভাপতি সাইফুর রহমান শাওন এবং কারমাইকেল কলেজ সভাপতি আবু সুফিয়ান।
বক্তারা বলেন, দীর্ঘ এগারো মাস পর রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে মাহে রমজান আমাদের মাঝে আগমন করে। আল্লাহ তাআলা রমজান নাজিল করেছেন মানুষের তাকওয়া অর্জনের জন্য, যাতে মানুষ আল্লাহভীরু হয়ে ওঠে।
তারা আরও বলেন, “আমরা চাই প্রত্যেক ব্যক্তি নিজে তাকওয়াবান হবে এবং একটি নৈতিক ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।”
বক্তারা অভিযোগ করেন, রমজান এলেই একটি অসাধু ব্যবসায়ী মহল সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন এসব সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
এছাড়া রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ খোলা না রাখার দাবিও জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ছাত্রশিবির দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে। রমজানকে সামনে রেখে একটি সুন্দর দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন বক্তারা। পাশাপাশি শিক্ষাঙ্গনে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং রমজানের শিক্ষা ধারণ করে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এমএআর/
