পবিত্র রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-এ ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ গ্রহণ করেছে জেলা বিএনপি। মাত্র এক টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিতরণের এই কর্মসূচি ইতোমধ্যেই স্থানীয় নিম্ন আয়ের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরের সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ‘এক টাকার ইফতার’ নামে স্টল বসানো হয়। সেখানে কলা, খেজুর, বেগুনি, পেঁয়াজু, জিলাপি, শসা ও গাজরসহ প্রায় ১২ থেকে ১৫ ধরনের ইফতার সামগ্রী সমন্বিত প্যাকেজ বিতরণ করা হয়।
শহরের মাস্টারপাড়া এলাকার রিকশাচালক আতিকুর রহমান জানান, সারাদিন রিকশা চালিয়েও ২০০ টাকার বেশি আয় করা কঠিন। সেই আয়ে সংসার ও বাজার খরচ সামলে ইফতার কেনা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। তিনি বলেন, “১ টাকায় অন্তত ১৫ ধরনের ইফতার পেয়ে খুব ভালো লাগছে।”
এই মানবিক উদ্যোগের বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, “রমজান মাসে সমাজের ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ যেন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারেন—এই লক্ষ্য নিয়েই আয়োজনটি করা হয়েছে।” সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য।
উদ্যোগটি স্থানীয় সুশীল সমাজের প্রশংসাও কুড়িয়েছে। তাদের মতে, এ ধরনের কার্যক্রম সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, গত বছরও রমজানের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এক টাকায় ইফতার বিতরণ কর্মসূচি পরিচালিত হয়েছিল।
এমএআর/
