বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল শপথগ্রহণের পরই রায়পুরা পৌরসভাকে ‘টোলমুক্ত’ ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত প্রকাশের সঙ্গে সঙ্গেই চালকসহ বিভিন্ন পেশার মানুষ তাকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে প্রশংসার ঝড় তুলেছেন।
গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি তার ফেসবুক পেজে এই ঘোষণা দেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা স্বাগত জানিয়ে পৌরসভা থেকে টোল আদায় কার্যক্রম বন্ধ করেন। ভিভাটেক, অটোরিকশা, টেম্পু ও সিএনজি চালকসহ সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে প্রশংসার ঝড় তুলেছেন।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল তার পোস্টে লিখেছেন, “সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রায়পুরা পৌরসভার অভ্যন্তরে কোনো স্ট্যান্ডে সিএনজি, ভিভাটেক, অটোরিকশা ও টেম্পুসহ কোনো ধরনের যানবাহন থেকে কোনো প্রকার ‘টোল’ (চাঁদা/ট্যাক্স) নেওয়া বা দেওয়া যাবে না। আজ থেকে রায়পুরা ‘টোলমুক্ত’ হিসেবে গণ্য হবে। জনস্বার্থে এ ধরনের কল্যাণকর কাজ অব্যাহত থাকবে। এ বিষয়ে সবার মূল্যবান পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করছি। আদেশক্রমে: ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, এমপি।”
এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব ও অবাধ যাতায়াত নিশ্চিত করার উদ্দেশ্যে। দীর্ঘদিন ধরে রায়পুরা পৌর এলাকায় স্ট্যান্ডভিত্তিক টোল আদায়ের কারণে চালক ও যাত্রীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি জানান, টোলমুক্ত ঘোষণার ফলে যাতায়াতে স্বস্তি ফিরে আসবে এবং অতিরিক্ত আর্থিক চাপ কমবে। এই পদক্ষেপের ফলে স্থানীয় পরিবহনচালক ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা স্ট্যান্ডভিত্তিক টোল আদায়কে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছিল। নতুন ঘোষণার মাধ্যমে চালক ও যাত্রীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে।
এমএআর/
