পিরোজপুরে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন। তিনি বলেন, কোনো অসাধু চক্র যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের কষ্ট বাড়াতে না পারে, এজন্য মাঠ প্রশাসনকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে। চাঁদাবাজি বা অযথা মূল্য বৃদ্ধি যাতে না ঘটে, সেদিকেও প্রশাসনকে কঠোর হস্তে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, পিরোজপুর জেলার সাতটি উপজেলায় অবকাঠামোগত উন্নয়ন, সড়ক সংস্কার, সরকারি ভবন নির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রতিটি উপজেলায় পরিকল্পিত ও দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করা হবে। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
শুক্রবার সকাল ১০টায় পিরোজপুর সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার তদারকি এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন— পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহম্মেদ সিদ্দিকী, জেলা প্রশাসক আবু সাঈদ, জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান ও সাবেক সভাপতি অধ্যাপক আলমগীর হোসেনসহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় জেলা প্রশাসক বাজার মনিটরিং জোরদার করা এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস দেন। পুলিশ সুপারও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।
এমএআর/
