ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকারের প্রশ্নেই সীমাবদ্ধ ছিল না; সেটিই ছিল স্বাধীনতার সংগ্রামের প্রাথমিক ভিত্তি। তিনি উল্লেখ করেন, দেশকে একটি সত্যিকারের গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষাই পরবর্তীতে মুক্তিযুদ্ধে রূপ নিয়েছিল। সকল দল, মত, ধর্ম ও বর্ণের মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে, এ লক্ষ্য নিয়েই সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে গত ১৭ বছরে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংসের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষায়, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে, তারাই মুক্তিযুদ্ধের আদর্শকে ব্যবহার করে দেশকে লুটপাট, গুম, খুন ও দমন-পীড়নের পথে ঠেলে দিয়েছিল।
বর্তমান প্রেক্ষাপটে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন জনগণের প্রত্যাশা পূরণ করাই প্রধান চ্যালেঞ্জ।
টিএইচএ/
