মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের বলি হলেন বাহরাইনে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী।
সোমবার (২ মার্চ) স্থানীয় সময় ভোরে বাহরাইনের রাজধানী মানামার অদূরে একটি ড্রাইডক শিপইয়ার্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মোহাম্মদ তারেক (৪৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ তারেকের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। সোমবার ভোরে শিপইয়ার্ডে ডিউটি করার সময় আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি জাহাজের ওপর পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মানামার নিকটবর্তী সামুদ্রিক এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্ট অগ্নিকাণ্ড ইতিমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে দূতাবাস সূত্রে জানা গেছে। দীর্ঘদিনের প্রবাস জীবন শেষে প্রিয়জনের ফেরার প্রতীক্ষায় থাকা সন্দ্বীপের এই পরিবারটিতে এখন চলছে শোকের মাতম। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি সেখানে বসবাসরত কয়েক লাখ প্রবাসীর নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
টিএইচএ/
