বশির আহম্মদ মোল্লা, নরসিংদী জেলা প্রতিনিধি>> বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার মোহে নয়, বরং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতি করে। দীর্ঘ সংগ্রাম ও ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজ গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে।
সোমবার (৯ মার্চ) নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় স্টেডিয়ামে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খাইরুল কবির খোকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুর এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও দিক-নির্দেশনায় ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই দেশে স্বৈরাচারের পতন ঘটে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত এই গণতান্ত্রিক সরকারের মূল লক্ষ্য হলো মানুষের মৌলিক ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। ইতিমধ্যে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ শুরু হয়েছে এবং আগামী পাঁচ বছর সামাজিক সুশৃঙ্খলতা ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বিএনপি পরিবার সবসময় এই বীরদের পাশে থাকবে এবং একটি মানবিক রাষ্ট্র গড়তে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল দলীয় নেতাকর্মীদের কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। তিনি বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো সংসদ সদস্য বা মন্ত্রীর ব্যক্তিগত অপরাধ, দুর্নীতি বা অনিয়মের দায় দল নেবে না। অপরাধ করলে তাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি আইনের হাতে সোপর্দ করা হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের ওপর কোনো অন্যায়-অত্যাচার বরদাশত করা হবে না। প্রতিটি এলাকা থেকে মাদক কারবারিদের তালিকা তৈরি করে প্রশাসনকে সহায়তা করতে হবে এবং দলের ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার। এছাড়া জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা মুসলেহুদ্দীন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ-সংগঠনের প্রায় তিন সহস্রাধিক নেতাকর্মী এই আয়োজনে অংশ নেন।
টিএইচএ/
