নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

by Fatih Work

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে নরসিংদী ক্লাব লিমিটেডে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ব্যবসায়ী, উচ্চপদস্থ প্রশাসন কর্মকর্তা, শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়। নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রাশিদুল হাসান রিন্টু (সিআইপি)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের উপদেষ্টা খাইরুল কবির খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোতাহার হোসেন অনিক।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাশিদুল হাসান রিন্টু (সিআইপি) বলেন, শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। স্থানীয় ব্যবসায়ীদের কঠোর পরিশ্রম ও বিনিয়োগ দেশের উন্নয়নকে ত্বরান্বিত করছে। তিনি একটি ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন এবং ব্যবসায়ীদের পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খাইরুল কবির খোকন বলেন, নরসিংদী একটি গুরুত্বপূর্ণ শিল্প নগরী। এখানে ব্যবসায়ীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারেন, সে বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। তিনি রমজানের শিক্ষা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টাই একটি জেলার প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারে। নরসিংদীকে একটি আদর্শ সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুক তার বক্তব্যে ব্যবসায়ীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন, জেলায় কোনো ধরনের চাঁদাবাজি বা মাস্তানি বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধী যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াহাব রাশেদ, অতিরিক্ত পুলিশ সুপার কলিম মোল্লা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান। এছাড়া চেম্বারের সহ-সভাপতি আনিছুর রহমান ভুইয়া, আব্দুল কাইউম মোল্লা, হাসিব আহম্মেদ মোল্লাসহ পরিচালকবৃন্দ এবং জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222