চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধে ইরানের পক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। যেকোনো সময় যুদ্ধ শুরু করার মতো পূর্ণ সামরিক প্রস্তুতি তাদের রয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
নাম প্রকাশে অনিচ্ছুক হুতির একজন নেতা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত এবং সব ধরনের বিকল্প আমাদের হাতে রয়েছে।
তিনি আরও জানান, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন হলেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বেন। তার মতে, এখন পর্যন্ত ইরান ভালো করছে এবং শত্রুকে পরাজিত করছে। তবে এর বিপরীত কিছু ঘটলে আমরা পদক্ষেপ নেব।
হুতিরা এ যুদ্ধে যুক্ত হলে ইয়েমেন উপকূলের কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি তাদের মূল লক্ষ্য হয়ে উঠবে। এই পথ দিয়েই সুয়েজ খালের দিকে অধিকাংশ জাহাজ চলাচল করে। ইরান ও হুতিরা এই জলপথের নিয়ন্ত্রণ নিলে বিশ্ববাজারে জ্বালানি পরিস্থিতি চরম অস্থির হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ইরান আগেই হুমকি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি ইরানের খারগ দ্বীপ বা অন্য কোনো ভূখণ্ডে হামলা চালায়, তবে তারা বাব আল-মান্দেব প্রণালি অবরোধ করবে। আইআরজিসি’র এক ঊর্ধ্বতন কমান্ডার ফার্স নিউজকে জানান, শত্রুপক্ষ পারস্য উপসাগর বা ওমান সাগরে তৎপরতা বাড়ালে হুতিদের সহযোগিতায় এই নতুন ফ্রন্ট খোলা হবে। হুতি নেতারা এ বিষয়ে ইরানকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।
হাআমা/
