পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ছুটি শেষে আগামীকাল রোববার থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। প্রায় ৪০ দিনের এই দীর্ঘ ছুটি আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) শেষ হলেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২৯ মার্চ থেকে পুরোদমে শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম।
সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারিত ছিল। তবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তে গত ৯ মার্চ থেকে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, যা কাল থেকে পুনরায় চালু হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেও আগামীকাল থেকে ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল, যা মূলত ঈদের ছুটির সঙ্গে সমন্বয় করা হয়।
এদিকে রমজান জুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ছুটি শেষে ক্লাস শুরুর পর পরবর্তী ১০টি শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলবে। সেই পরিকল্পনা অনুযায়ী, আগামী ৪ এপ্রিল প্রথম শনিবার থেকেই প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকতে হবে।
টিএইচএ/
