আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক সংযুক্তি জোরদারে কাবুলে অনুষ্ঠিত হয়েছে প্রথম আফগানিস্তান–মধ্য এশিয়া পরামর্শমূলক সংলাপ। রোববার আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও কাজাখস্তানের প্রতিনিধিরা অংশ নেন।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এই সংলাপে রাজনৈতিক সমন্বয়, বাণিজ্য সম্প্রসারণ, আঞ্চলিক যোগাযোগ এবং নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংলাপে যেসব সিদ্ধান্ত ও প্রস্তাব গৃহীত হয়
১. নিয়মিত সংলাপ আয়োজনের সিদ্ধান্ত
আফগানিস্তান–মধ্য এশিয়া সংলাপকে একটি স্থায়ী ও প্রাতিষ্ঠানিক কাঠামো হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে নিয়মিত বৈঠকের মাধ্যমে আঞ্চলিক সমন্বয় বাড়ানো যায়।
২. বাণিজ্য সম্প্রসারণে লক্ষ্য নির্ধারণ
২০২৫ সালে আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্য ছিল প্রায় ২.৭ বিলিয়ন ডলার। আগামী ৩-৪ বছরে তা ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
৩. বড় আঞ্চলিক প্রকল্প এগিয়ে নেওয়ার অঙ্গীকার
সংলাপে তাপি গ্যাস পাইপলাইন (TAPI), কাসা-১০০০ (CASA-1000) বিদ্যুৎ প্রকল্প, লাপিস লাজুলি করিডোর এবং ছয়-দেশীয় করিডোরকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা ও অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়।
৪. সীমান্ত নিরাপত্তা ও যৌথ নিরাপত্তা কাঠামোর প্রস্তাব
মাদক পাচার, অবৈধ অভিবাসন, সীমান্ত অপরাধ ও চরমপন্থা মোকাবিলায় যৌথ নিরাপত্তা কাঠামো তৈরির প্রস্তাব গৃহীত হয়।
৫. বিশেষজ্ঞ সম্মেলন আয়োজনের প্রস্তাব
আঞ্চলিক সহযোগিতার বাস্তবভিত্তিক রোডম্যাপ তৈরির জন্য বিশেষজ্ঞদের নিয়ে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
৬. জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত উদ্যোগ
পরিবেশগত সংকট ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
৭. আঞ্চলিক সংস্থায় অংশগ্রহণ বাড়ানোর আহ্বান
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) এবং ‘গ্রিন সেন্ট্রাল এশিয়া’র মতো আঞ্চলিক উদ্যোগে অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
পাকিস্তান ইস্যুতে বার্তা
সংলাপে পাকিস্তান প্রসঙ্গেও কথা বলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি জানান, আফগানিস্তান দ্বিপক্ষীয় সমস্যাগুলো সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে চায়, তবে একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা কঠোর অবস্থান বজায় রাখবে।
নতুন আঞ্চলিক অধ্যায়ের সূচনা
বৈঠকের সমাপনী বক্তব্যে মুত্তাকি বলেন, এই সংলাপ আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নের পথে নতুন অধ্যায়ের সূচনা করেছে। নিয়মিত সংলাপ এবং যৌথ উদ্যোগের মাধ্যমে আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলো আরও সংযুক্ত ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সূত্র: আরিয়ানা নিউজি
অনুবাদ: আতাউল্লাহ নাবহান
হাআমা/
