মাত্র ছয় মাসে যেভাবে বদলেছে নরসিংদী জেলা প্রশাসন

by Abid

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীতে গত ছয় মাসে প্রশাসনের স্বচ্ছতা ও কাজের গতিশীলতায় এক অভূতপূর্ব মেলবন্ধন তৈরি হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসাইনের বলিষ্ঠ নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়নে ব্যাপক সফলতা অর্জিত হয়েছে, যা সারাদেশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর যোগদানের পর থেকে মাত্র ছয় মাসের দায়িত্ব পালনকালেই তিনি নরসিংদীকে আধুনিক ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তার এই স্বল্প সময়ের সফলতার তালিকায় সবচেয়ে উজ্জ্বল দিক ছিল কোনো প্রকার সহিংসতা ছাড়াই একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করা। নরসিংদীর ইতিহাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ছাড়া এমন শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নজিরবিহীন হিসেবে গণ্য হচ্ছে।

প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসক কার্যালয়ে নিয়মিত গণশুনানি আয়োজন করছেন মোহাম্মদ আনোয়ার হোসাইন। এর ফলে সাধারণ মানুষ সরাসরি জেলার সর্বোচ্চ কর্মকর্তার কাছে তাদের অভিযোগ ও সমস্যার কথা জানানোর সুযোগ পাচ্ছেন, যা স্থানীয়দের মধ্যে প্রশাসনের প্রতি আস্থা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। নাগরিক সেবা সহজীকরণের পাশাপাশি তিনি দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা বর্জ্য ব্যবস্থাপনা নিরসনেও কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া জেলা শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে সিএনবি রোড ও সাটিরপাড়া থেকে শাপলা চত্বর পর্যন্ত ভাঙা সড়ক সংস্কার, বাজার এলাকার ফুটপাত দখলমুক্তকরণ এবং পৌর ট্রাফিক ব্যবস্থাপনা চালুর মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরিয়ে এনেছেন। বিশেষ করে পাঁচদোনা মোড়ের ফুটপাত থেকে অবৈধ দোকান অপসারণ এবং ব্যাটারিচালিত অটোরিকশার গতিসীমা নিয়ন্ত্রণে তার পদক্ষেপগুলো সর্বমহলে প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

জনস্বাস্থ্যের সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, মশক নিধন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণে জেলা প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বাজার মনিটরিং জোরদার করার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে তিনি নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি তরুণ প্রজন্মের মানসিক বিকাশে মেঘনা নদীতে নৌকা বাইচ আয়োজন এবং পৌর পার্ক দখলমুক্ত করার মতো কাজগুলো জেলার সামাজিক প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তন এনেছে। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় সভার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার চেষ্টাও অব্যাহত রয়েছে।

এই ব্যাপক কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে সহযোগিতা করে যাচ্ছেন। তাদের মধ্যে নরসিংদী জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার আব্দুল ওয়াহাব রাশেদ, ডিডিএলজি ও পৌর প্রশাসক শিউলী রহমান তিন্নী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. সামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম, জেলা ত্রাণ ও দুর্যোগ অফিসার মো. ইউনুছ মিয়া এবং এনডিসি সারুয়ার আলমসহ অন্যান্য কর্মকর্তাদের ভূমিকা উল্লেখযোগ্য। নিজের কর্মপরিকল্পনা সম্পর্কে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, তরুণ প্রজন্মের সৎ নেতৃত্ব এবং মাদকমুক্ত দায়িত্বশীল আচরণই সমাজ ও দেশকে বদলে দিতে পারে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সততার সাথে দায়িত্ব পালন করলে উন্নত বাংলাদেশ গঠন সময়ের ব্যাপার মাত্র।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222