দেশের আন্তঃনগর ট্রেনগুলোতে দীর্ঘদিনের ইন্টারনেট সমস্যা সমাধানে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির ইন্টারনেট চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। পরীক্ষামূলক পর্যায়ে ব্যাপক সাফল্যের পর এখন সব আন্তঃনগর ট্রেনে বিশ্বখ্যাত ‘স্টারলিংক’ সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরবর্তীতে এই সেবা দূরপাল্লার বাস ও ফেরিতেও সম্প্রসারণ করা হবে।
বিএসসিএল সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ পর্যটক, উপবন ও বনলতা এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়। যাত্রীরা বগিতে থাকা কিউআর কোড স্ক্যান করে সহজেই নিরবচ্ছিন্ন ওয়াই-ফাই ব্যবহার করতে পেরেছেন। বিশেষ করে মোবাইল নেটওয়ার্কবিহীন এলাকায় এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। পরীক্ষাকালীন সময়ে যাত্রীরা প্রায় ১১ টেরাবাইট ডেটা ব্যবহার করেছেন এবং পুরো যাত্রাপথে নির্বিঘ্নে ভিডিও স্ট্রিমিং ও অনলাইন কাজ সেরেছেন। এই সাফল্যের ভিত্তিতে এখন বাণিজ্যিক ভিত্তিতে সেবাটি চালুর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান জানান, পরীক্ষামূলক উদ্যোগে যাত্রীদের ইতিবাচক সাড়া পাওয়ায় এটি বাণিজ্যিকভাবে প্রসারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে একক সাবস্ক্রিপশনের মাধ্যমে ট্রেন, বাস ও ফেরিতে একই অ্যাকাউন্ট ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে। এছাড়া দেশের দুর্গম হাওর ও সীমান্ত এলাকাসহ ১১১টি পয়েন্টে বর্তমানে স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে এবং নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর মাধ্যমে ৬৬টি টিভি চ্যানেলের সম্প্রচার কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।
টিএইচএ/
