বিপুল পরিমাণ ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকটের মাধ্যমে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে বরগুনার পাথরঘাটায় দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার কাকচিরা বাজারে এই ঝটিকা অভিযান চালিয়ে দণ্ডাদেশ প্রদান করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে দয়াল এন্টারপ্রাইজ ও খাতিজা এন্টারপ্রাইজ নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মোট ১৮০ ব্যারেল মজুত করা ভোজ্যতেল উদ্ধার করা হয়, যার পরিমাণ প্রায় ৩৬ হাজার ৭২০ লিটার।
অসাধু উপায়ে তেল মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই প্রতিষ্ঠানকে পৃথকভাবে জরিমানা করা হয়। এর মধ্যে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা ও খাতিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যারা সাধারণ মানুষকে জিম্মি করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধেই মূলত এই কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরও জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে জনস্বার্থে র্যাবের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে জব্দকৃত তেলগুলো ন্যায্যমূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। বাজারে অসাধু সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে র্যাবের এমন ঝটিকা তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ ক্রেতা ও সচেতন মহল।
টিএইচএ/
