ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক দুটি হৃদয়বিদারক ঘটনায় এক নির্মাণ শ্রমিক ও ছয় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার পৃথক স্থানে এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের আ. হাই শেখের ছেলে নির্মাণ শ্রমিক মাসুম শেখ (৫২) এবং রাজবাড়ীর রাজারবাড়ি লক্ষ্মীকুল এলাকার সৌরভের ছেলে শিশু আয়ান। ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পলাশ।
হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভাঙ্গা পৌরসভার অধীনে কোর্ট পাড়ের মাছ ও মাংস বাজারের একটি নতুন নির্মাণাধীন দুই তলা ভবনের রিজার্ভ ট্যাংকির ম্যানহোলের ভেতরে সেন্টারিং খুলতে নামেন শ্রমিক মাসুম শেখ। ঢাকনা খোলার পরপরই ভেতরে প্রবেশ করলে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তিনি তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে প্রায় ১৫ ফুট গভীর ট্যাংকির নিচে পড়ে যান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু জাফর মিয়া জানান, মূলত সচেতনতার অভাবে এমন দুর্ঘটনা ঘটেছে। ম্যানহোলের ভেতরে কাজ করতে হলে অন্তত দুই-তিন দিন আগে ঢাকনা খুলে গ্যাস বের করে দিতে হয়। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের জমাটবদ্ধ গ্যাসের প্রতিক্রিয়ায় অক্সিজেন সংকটে তার মৃত্যু হয়েছে।
এদিকে, একই দিনে হাম-রুবেলায় আক্রান্ত হয়ে আয়ান নামে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, শিশুটি গত এক সপ্তাহ ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় পাঠানো হয়। তবে পথে শিশুটি নিস্তেজ হয়ে পড়লে দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। একই দিনে পৃথক এই দুটি মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
টিএইচএ/
