মসজিদুল আকসার ৪ দশকের মুয়াজ্জিন শায়খ ‘নাজি আল-কাজ্জাজ’ আর নেই

by Abid

টানা ৪৮ বছর ধরে পবিত্র মসজিদুল আকসায় আজান দিয়ে আসা সুপরিচিত মুয়াজ্জিন ও প্রবীণ কারি শায়খ নাজি আল-কাজ্জাজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার বার্ধক্যজনিত কারণে ৬৬ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমে শত শত ফিলিস্তিনির উপস্থিতিতে এই বরেণ্য মুয়াজ্জিনকে শেষ বিদায় জানানো হয়। মসজিদুল আকসা চত্বরে জানাজার নামাজ শেষে জেরুজালেমের একটি স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শায়খ নাজি আল-কাজ্জাজ ছিলেন আল-আকসার অন্যতম প্রধান ও জনপ্রিয় মুয়াজ্জিন। ১৯৭৮ সালে মাত্র ১৮ বছর বয়সে তিনি আনুষ্ঠানিকভাবে পবিত্র এই মসজিদে আজান দেওয়া শুরু করেন। টানা চার দশকেরও বেশি সময় ধরে প্রতিদিন পাঁচ ওয়াক্ত আজানের পাশাপাশি সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত করে তিনি জেরুজালেমবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন। জেরুজালেমের বিখ্যাত কাজ্জাজ পরিবার শত শত বছর ধরে মসজিদুল আকসায় আজান দেওয়ার ঐতিহাসিক ঐতিহ্য ধরে রেখেছে, শায়খ নাজি ছিলেন সেই ঐতিহ্যের বলিষ্ঠ উত্তরাধিকারী। বর্তমানে তার ছেলে ফেরাস আল-কাজ্জাজও এই পবিত্র দায়িত্ব পালন করে বাবার উত্তরসূরি হিসেবে কাজ করছেন।

তার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে ও ফিলিস্তিনিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মিসরের ধর্মমন্ত্রী ওসামা আল-আজহারি এক শোকবার্তায় বলেন, শায়খ নাজি আল-কাজ্জাজের সুমধুর কণ্ঠ দশকের পর দশক ধরে জেরুজালেমবাসীর হৃদয়ে আধ্যাত্মিক প্রশান্তি জুগিয়েছে; তার কণ্ঠ আল-আকসার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। দখলদার ইসরায়েলের অব্যাহত বিধিনিষেধ ও জেরুজালেমের মুসলিম পরিচয় মুছে ফেলার চেষ্টার বিপরীতে শায়খ নাজি আল-কাজ্জাজের আজান ছিল ফিলিস্তিনিদের কাছে অস্তিত্ব রক্ষার এক শক্তিশালী প্রতীক।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222