ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়ল কুমির

by Abid

ফরিদপুরের পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে কুমিরটি দেখতে শত শত মানুষ ঘাট এলাকায় ভিড় জমান। একই সঙ্গে নদীপাড়ের মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন
banner

স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস নামের চার জেলে নদীতে হাজারী বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ তাদের বড়শিতে কুমিরটি আটকে যায়। পরে তারা কৌশলে কুমিরটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটে নিয়ে আসেন। জেলে শেখ ইলিয়াস জানান, এই কুমিরটি ধরা পড়ার সময় ঘাটের পশ্চিম পাশে তারা আরও দুটি কুমির দেখতে পেয়েছেন। ওই দুটি আকারে আরও বড় ছিল বলে তিনি দাবি করেন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।

জেলে স্বপন বেপারী বলেন, কুমিরটি বড়শিতে আটকা পড়ার পর আমরা সেটিকে জীবিত অবস্থায় উদ্ধার করে ঘাটে নিয়ে আসি। এরপর নিরাপত্তার স্বার্থে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। চরভদ্রাসন থানার এসআই কাজী রিপন হোসেন জানান, বিষয়টি জানার পর ওসির নির্দেশে পুলিশ দ্রুত ঘাটপাড়ে অবস্থান নেয়, যাতে উৎসুক জনতা বন্যপ্রাণীটিকে কোনো আঘাত করতে না পারে। বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা পৌঁছালে তাদের কাছে কুমিরটি হস্তান্তর করা হবে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পরপরই বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা ঢাকা বা পার্শ্ববর্তী কেন্দ্র থেকে এসে কুমিরটি উদ্ধার করে নিয়ে যাবেন। একই সঙ্গে নদীতে আরও কুমির থাকার আশঙ্কায় স্থানীয় জেলে ও সাধারণ মানুষকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222