গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে বিয়ে করতে এসে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পেয়েছেন জয় চৌধুরী (২৩) নামে এক যুবক। একই সঙ্গে তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী হীরা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তুলি হীরা (১৫) নামের এক কিশোরীকে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার বারাইগাতী এলাকার জয় চৌধুরীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুভাষ বিশ্বাসসহ স্থানীয়দের উপস্থিতিতে আদালত বসে। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
এনআর/
