পবিত্র মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ১ মে) জুমার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন প্রখ্যাত দুই ইসলামিক স্কলার।
মসজিদে হারাম কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন সুপ্রসিদ্ধ ইসলামিক স্কলার শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত। তার সুললিত কোরআন তেলাওয়াত সবসময়ই মুসল্লিদের মুগ্ধ করে।
১৯৫৬ সালে সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করা এই শায়খ ১৯৭৭ সালে স্নাতক এবং মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে যথাক্রমে ১৯৮২ ও ১৯৮৮ সালে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার বাবা শায়খ আব্দুল্লাহও মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। বাবার উত্তরসূরি হিসেবে ১৯৯৭ সাল থেকে শায়খ উসামাহ মসজিদে হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির দাওয়াহ ও উসুলে দ্বীন অনুষদের অধ্যাপক এবং সৌদি শুরা কাউন্সিলের একজন সম্মানিত সদস্য।
অন্যদিকে, আজ মদিনার মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি। তিনি প্রবীণ আলেম, কারি ও মসজিদে নববির খতিব শায়খ আলী আল হুজায়ফির ছেলে। শায়খ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং সেখানে শিক্ষকতাও করেছেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। ২০১৯ সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি মদিনার ঐতিহাসিক মসজিদে কুবার ইমাম ও খতিব হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
টিএইচএ/
