আজ শ্রমিক সমাবেশে যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

by Fatih Work

আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস) উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিশাল সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। দুপুর ২টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এবারের সমাবেশের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন দেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো কোনো শ্রমিক সমাবেশে সশরীরে উপস্থিত হয়ে তিনি বক্তব্য দেবেন। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শো-ডাউনের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এর আগে গত বছরও মে দিবসের সমাবেশে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন, তবে সে সময় লন্ডনে অবস্থান করায় তিনি ভার্চুয়ালি যুক্ত হন। গত এক বছরে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তিনি এখন দলের চেয়ারম্যানের পাশাপাশি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ফলে এবার সশরীরে তার উপস্থিতিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মী ও শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমাবেশের বিস্তারিত তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত থাকবেন বলে এবারের আয়োজনে কয়েক লাখ শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবেন।

বিজ্ঞাপন
banner

সংবাদ সম্মেলনে বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, বিগত সরকার শ্রমিকদের অধিকার থেকে বঞ্চিত রেখেছিল। বর্তমানে ইরান যুদ্ধের প্রভাবে দেশে কিছুটা সংকট থাকলেও বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী শ্রমিকদের দেওয়া সব প্রতিশ্রুতি সরকার পূরণ করবে। তিনি বর্তমান শ্রমবাজারের চ্যালেঞ্জগুলো তুলে ধরে জানান, দীর্ঘ সময় জাতীয় বেতন স্কেল ঘোষণা না হওয়া এবং আউটসোর্সিং নিয়োগ বৃদ্ধির ফলে শ্রমবাজার সংকুচিত হয়েছে। পাটসহ বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাতগুলো ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং দেশি শিল্পের বদলে বিদেশি পণ্যের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রমিকের প্রকৃত মজুরি কমে গেছে। সমাবেশ থেকে অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শ্রমবান্ধব কাজের পরিবেশ, নিরাপদ কর্মক্ষেত্র, শ্রমিকদের জন্য বিশেষ রেশনিং ব্যবস্থা চালু এবং জাতীয় ন্যূনতম মজুরি বোর্ডকে আরও কার্যকর করার দাবি জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শুক্রবারের এই সমাবেশ হবে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংকল্প। সমাবেশ থেকে শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় আইন ও নীতিমালা প্রণয়নের জোর দাবি জানানো হবে। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ শ্রমিক দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222