আন্তর্জাতিক ডেস্ক :: ইরান নিজেদের শক্তি বাড়াতে নানা রকম উপায় বরে করছে। বিশ্ব শাসনের জন্য নতুনভাবে কিছু নিয়মের উদ্ভব ঘটানোর চেষ্টা করছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও পারস্য উপসাগর অঞ্চলে নিজেদের কর্তৃত্ব আরও সুসংহত করতে নৌচলাচলে নতুন নিয়ম ও বিশেষ নিয়ন্ত্রণ বলয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি))।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানায়, দক্ষিণ উপকূলীয় জলসীমায় নিরাপত্তা জোরদার এবং বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরব উপসাগর থেকে হরমুজ প্রণালি পর্যন্ত প্রায় ২ হাজার কিলোমিটার এলাকাজুড়ে একটি বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে আইআরজিসি।
আইআরজিসি নৌ শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, এই জলসীমাকে ইরানি জনগণের “গর্ব ও শক্তির উৎস” হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য। পাশাপাশি অঞ্চলটিকে নিরাপত্তা ও সমৃদ্ধির কেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই নীতিমালার আওতায় সমুদ্রপথে যেকোনো অননুমোদিত চলাচল পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হবে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আয়াতুল্লাহ আলী খামেনি-এর কড়া বক্তব্যের পরদিনই এই ঘোষণা আসে। তিনি বিদেশি শক্তিগুলোর উপস্থিতি নিয়ে সতর্কবার্তা দেন।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি তেল পরিবাহিত হয়, ফলে এই এলাকায় ইরানের এমন অবস্থান বৈশ্বিক জ্বালানি নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে।
