ইতিহাস কেবল অতীতের নীরদ বর্ণনামাত্র নয়; বরং তা স্মৃতি, বেদনা, বিশ্বাস ও ভবিষ্যতের পথনির্দেশের এক জটিল আখ্যান। কখনো তা রক্তে লেখা, কখনো অশ্রুতে, আবার কখনো নিঃশব্দ দীর্ঘশ্বাসে। বাংলার আকাশে এমনই এক তারিখ—৬ মে। এই একটি দিন অথচ দুটি ভিন্ন প্রেক্ষাপট, দুটি ভিন্ন বাস্তবতা ও দুটি ভিন্ন ইতিহাসকে ধারণ করে আছে: একদিকে ১৮৩১ সালের বালাকোটের শাহাদাত, অন্যদিকে ২০১৩ সালের শাপলা চত্বরের সমাবেশ। এই রচনার উদ্দেশ্য এই দুই ঘটনার ঐতিহাসিক পর্যালোচনা, তাদের পার্থক্য ও সম্ভাব্য মিল নির্ণয় করা, এবং আবেগের বন্যা প্রশ্নের আলোকে যাচাই করা।
বালাকোট ১৮৩১ : একটি আন্দোলনের সূচনা : ১৮৩১ সালের ৬ মে। উপমহাদেশ তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক শাসনের কঠিন গ্রাসে আবদ্ধ। এই সময় বালাকোটের প্রান্তরে (বর্তমান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে) শহীদ হন এক সংগ্রামী আলেম—সাইয়্যিদ আহমদ বালাকোটী (রহ.)। তিনি মুজাহিদিন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন, যার লক্ষ্য ছিল উপমহাদেশে ইসলামি শাসন পুনঃস্থাপন।
তাঁর শাহাদাত ছিল কেবল একটি ঘটনার সমাপ্তি নয়, বরং একটি দীর্ঘমেয়াদি সংগ্রামের সূচনা। এই সংগ্রামের পথ ধরেই ১৮৬৬ সালে প্রতিষ্ঠিত হয় দারুল উলূম দেওবন্দ—যা একটি শিক্ষাপ্রতিষ্ঠান মাত্র নয়, বরং এক বুদ্ধিবৃত্তিক বিপ্লবের কেন্দ্রভূমি হয়ে ওঠে। দেওবন্দের প্রাঙ্গণ থেকে উঠে আসেন মাহমুদুল হাসান দেওবন্দী, হুসাইন আহমদ মাদানী, আশরাফ আলী থানভী, মুহাম্মদ ইলিয়াস কান্ধলভীর মতো ব্যক্তিত্ব, যাঁদের জীবন ও কর্ম ইসলামী চিন্তার ইতিহাসে অনন্য অধ্যায়।
বালাকোটের পর, বিশেষত ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ব্যর্থতার পরে, সংগ্রামের রূপ বদলে যায়। অস্ত্রের ঝনঝনানি স্তিমিত হয়ে আসে, তার জায়গা নেয় কলম, শিক্ষা, চিন্তার দীপ্তি ও তাবলিগের নমনীয় পদ্ধতি। এই নীরব বিপ্লবই একসময় উপমহাদেশকে পৌঁছে দেয় ১৯৪৭-এর দ্বারপ্রান্তে—ভারত বিভাগ, যা ছিল দীর্ঘ সংগ্রামের একটি পরিণতি।
শাপলা ২০১৩: আবেগের প্রবল স্রোত : অন্যদিকে, ২০১৩ সালের ৬ মে—ঢাকার শাপলা চত্বর। এখানেও ছিল আবেগ, ভালোবাসা ও বিশ্বাসের এক প্রবল স্রোত। বাংলাদেশের হেফাজতে ইসলামের ডাকে লাখো মানুষ জড়ো হয়েছিল তাদের ঈমানি চেতনা নিয়ে, নবীপ্রেমের গভীর আকর্ষণে। আন্দোলনটি মূলত ছিল ধর্মীয় ও রাজনৈতিক দাবির সমন্বয়, যেখানে নবীর প্রতি অবমাননা রোধ, ধর্মীয় আইন সংস্কার প্রতিরোধ এবং রাষ্ট্রীয় নীতিতে ইসলামি মূল্যবোধের প্রতিফলন চাওয়া হয়।
সেই ভোরের ঘটনা—পুলিশের সঙ্গে সংঘর্ষ, প্রাণহানি—আজও অনেকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়, অনেকের স্মৃতিতে জাগায় নিঃশব্দ কান্না। শাপলা চত্বরের সেই প্রাণপণ সমাগম নিঃসন্দেহে একটি জনআবেগের অভূতপূর্ব বহিঃপ্রকাশ।
তুলনামূলক বিশ্লেষণ: প্রশ্ন থেকেই যায় : প্রশ্ন জাগে—এই দুই ঘটনাকে কি আমরা একসূত্রে গাঁথতে পারি? ইতিহাসের তুলনা কখনো কেবল আবেগ দিয়ে হয় না; এতে লাগে ধারাবাহিকতা, ফলাফল, প্রভাব এবং সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
প্রখ্যাত ঐতিহাসিক আবুল হাসান আলী নদভী (রহ.) তাঁর ‘তারীখে দাওয়াত ও আজীমত’ গ্রন্থে মুজাদ্দিদদের ইতিহাস বিশ্লেষণ করতে গিয়ে দেখিয়েছেন যে, প্রতিটি আন্দোলনের একটি সুদূরপ্রসারী রূপান্তর থাকে, যা সময়ের সঙ্গে সমাজ ও চিন্তাকে বদলে দেয়। সেই আলোকে বালাকোট ছিল একটি সূচনা—যার ফলশ্রুতি ছিল শিক্ষা আন্দোলন, চিন্তার পুনর্জাগরণ এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রভাব। অপরদিকে, শাপলা একটি অসাধারণ আবেগঘন অধ্যায়; কিন্তু তার পরবর্তী পথচলা, কৌশলগত রূপান্তর ও ব্যাপক অভিন্ন আদর্শের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
দৈনিক নয়া দিগন্তে বিপ্লবী আলেম, প্রবক্তা মাওলানা মুহাম্মদ মামুনুল হক সাহেব একসময় শাপলাকে বালাকোটের সঙ্গে তুলনা করেছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধা রেখেও বলা যায় যে, বর্তমান প্রেক্ষাপটে সেই তুলনা যথাযথ কিনা—সেটি মূল্যায়নের অপেক্ষায় রাখাই শ্রেয়। ব্যক্তিগত অনুভূতির জায়গা থেকে বলি, বালাকোটের মতো এক মহাসংগ্রামী ইতিহাসের ধারক ও বাহক হিসেবে শাপলাকে চিহ্নিত করতে গেলে সংকোচ বোধ করি। এটি হয়তো আমার সীমাবদ্ধতা, হয়তো আমার উপলব্ধির পার্থক্য।
তবে একটি সত্য অস্বীকার করার উপায় নেই—শাপলার সেই ভোরে যারা উপস্থিত ছিলেন, তাঁদের অন্তরে নবীজির প্রতি অগাধ ভালোবাসা ছিল। এই ভালোবাসা প্রশ্নাতীত, নির্মল ও গভীর। কোরআনের বাণী স্মরণযোগ্য: “ আর যারা আল্লাহর পথে নিহত হয়, তাদের মৃত বলো না, বরং তারা জীবিত।”
ইতিহাসের বিচার হয় সময়ের আদালতে। আবেগ সেখানে সাক্ষী হতে পারে, কিন্তু রায় দেয় না। ৬ মে—একটি দিন, দুটি স্মৃতি, দুটি ভিন্ন পথ। একটি রচনা করেছে ইতিহাস, অন্যটি এখনও ইতিহাস হওয়ার অপেক্ষায়। বালাকোট ইতিহাসের স্থির সত্য, যার ব্যাপক প্রভাব শতবর্ষ ধরে উপমহাদেশীয় মুসলিম মানসে বয়ে চলেছে। শাপলা সেদিনের আত্মত্যাগ ও নবীপ্রেমের এক অনির্বাণ শিখা, কিন্তু তার স্থায়ী রূপ ও ফলাফল সময়ের বুকে লিখা হবে। স্মৃতির ভাঁজে ভেসে আসুক এক করুণ সুর—
ইবন নোমানের কণ্ঠে:
“স্মৃতির পাপিয়া কেঁদে উঠে
বলে সে “পিউ কাহা”,
ভুলে গেছে আজ “এরা”
‘ওদের’ কথা, আহা!
কান পেতে রই, শুনি কি ওই
ওদের আহাজারি,
থেমে আছি সব, নাহি কলরব—
এ কি শুকর্ গুজারি?”
লেখক :পরিচালক, ইবনে খালদুন ইনস্টিটিউট ময়মনসিংহ
