মসজিদে কুবায় ২ লক্ষ হজযাত্রী নিয়ে শুরু হয়েছে হজ প্রশিক্ষণ

by Abid

পবিত্র মদিনার ঐতিহাসিক কুবা মসজিদে চলতি বছরের হজ ২০২৬ উপলক্ষে বিশেষ হজ প্রশিক্ষণমূলক কোর্স ‘জাদ আল হজ’ শুরু হয়েছে।

বুধবার (৬ মে) দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় তাদের মদিনা শাখার মাধ্যমে এই বৃহৎ কর্মসূচির উদ্বোধন করে। জিলকদ মাসের শেষ দিন পর্যন্ত বিরতিহীনভাবে চলা এই কোর্সে প্রায় ২ লাখ হজযাত্রীকে হজের যাবতীয় নিয়মকানুন ও বিধিবিধান সম্পর্কে বিস্তারিত জ্ঞান প্রদান করা হবে। মন্ত্রণালয়ের অপারেশনাল প্ল্যান-১৪৪৭ হিজরি এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

এবারের প্রশিক্ষণ কোর্সে মদিনার ৩৬ জন জেষ্ঠ্য আলেম ও ধর্মীয় বিশেষজ্ঞ পাঠদান করবেন। মোট ৩৬টি ভিন্ন ভিন্ন পাঠের মাধ্যমে হজের ধর্মীয় হুকুম-আহকাম, পবিত্র কুরআনে বর্ণিত হজের আয়াতসমূহের ব্যাখ্যা এবং ইসলামের মৌলিক আকিদা ও তাওহিদ সম্পর্কে হজযাত্রীদের সম্যক ধারণা দেওয়া হবে। এছাড়াও ইসলামী রীতিনীতি ও ইবাদতের ফজিলত সম্পর্কিত বিভিন্ন ধ্রুপদী ধর্মীয় গ্রন্থের ব্যাখ্যাও এই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কোর্সের মূল লক্ষ্য হলো হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই হজযাত্রীদের ধর্মীয় ও তাত্ত্বিক বিষয়ে একটি মজবুত ভিত্তি তৈরি করে দেওয়া।

মদিনার কুবা মসজিদে আসা বিশ্বের বিভিন্ন প্রান্তের দুই লক্ষাধিক হজযাত্রীকে লক্ষ্য রেখে এই কোর্সটি সাজানো হয়েছে। ভাষা ও সংস্কৃতির ভিন্নতা বিবেচনায় নিয়ে একাধিক ভাষায় পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সাধারণ হজযাত্রীরা সহজেই বিষয়গুলো অনুধাবন করতে পারেন। বিশেষ করে হজযাত্রীদের দৈনিক যাতায়াত ও দর্শনীয় স্থান পরিদর্শনের সময়ের সঙ্গে সমন্বয় করে ক্লাসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে করে হজযাত্রীরা তাদের নির্ধারিত কর্মসূচিতে কোনো বিঘ্ন না ঘটিয়েই এই বিশেষ শিক্ষা কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

তথ্যসূত্র: দ্যা ইসলামিক ইনফরমেশন

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222