ভারত থেকে এলো বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য

by Abid

দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের কাজের গতি বাড়াতে ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে বিস্ফোরকবাহী এই চালানটি বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। বর্তমানে আমদানিকৃত বিস্ফোরকগুলো প্রয়োজনীয় কাস্টমস আনুষ্ঠানিকতা শেষে বন্দর এলাকায় কঠোর নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনি প্রকল্পের প্রয়োজন মেটাতে প্রথম ধাপে মোট ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ এবং ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড ভারত থেকে আনা হয়েছে। ভারতের বেঙ্গালুরু ভিত্তিক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কেলটেক এনার্জিস লিমিটেড’ থেকে এই বিস্ফোরক দ্রব্যগুলো আমদানি করা হয়। আমদানিকৃত এসব সরঞ্জাম খনির ভূ-গর্ভস্থ পাথর উত্তোলনের কাজে ব্যবহার করা হবে বলে জানা গেছে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, আমদানিকৃত পণ্যগুলো অত্যন্ত সংবেদনশীল হওয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো বন্দর এলাকায় বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিস্ফোরক দ্রব্যের নিরাপদ সংরক্ষণ, দ্রুত খালাস এবং পরিবহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তিনি আরও জানান, পুলিশি পাহারায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই এই বিস্ফোরকের চালানটি দিনাজপুরের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222