ভারতের রাজধানী দিল্লি মহিলাদের জন্য দেশের সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে আবারও চিহ্নিত হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র সর্বশেষ প্রতিবেদন অনুসারে, দেশটির ১৯টি প্রধান শহরের মধ্যে দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার সর্বোচ্চ। ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই এক বছরেই দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধে মোট ১৩,৩৯৬টি মামলা নথিভুক্ত হয়েছে। যদিও অপরাধের হারের দিক থেকে জয়পুর, ইন্দোর এবং লখনউয়ের পরেই দিল্লির স্থান, তবুও সামগ্রিক মামলার সংখ্যা ও নিরাপত্তার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এই রিপোর্টে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৪ সালে দিল্লিতে প্রতি এক লক্ষ মহিলার বিপরীতে সংঘটিত অপরাধের হার ছিল ১৭৬.৮। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে দিল্লিতে মহিলাদের বিরুদ্ধে অপরাধের হার ০.২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে এই মামলার সংখ্যা ছিল ১৩,৩৬৬টি, যা ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ১৩,৩৯৬টিতে। এর আগে ২০২২ সালে এই সংখ্যাটি ছিল ১৪,১৫৮। অপরাধের ধরন বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে দিল্লিতে ১,০৫৮টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে, যা নারী নিরাপত্তার এক ভয়াবহ চিত্র তুলে ধরে। এছাড়া যৌতুকের কারণে মৃত্যুর ঘটনাও ছিল উদ্বেগের পর্যায়ে, যার সংখ্যা দাঁড়িয়েছে ১০৯-এ।
এনসিআরবি-র রিপোর্ট অনুযায়ী, মহিলাদের অপহরণ ও গুম করার ঘটনাও রাজধানীতে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালে দিল্লিতে মহিলা অপহরণের ৩,৯৭৪টি মামলা নথিভুক্ত হয়েছে, যা ভারতের ১৯টি বড় শহরের মধ্যে সর্বোচ্চ। তবে অ্যাসিড হামলার ক্ষেত্রে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গেছে; ২০২৪ সালে দিল্লিতে একটি অ্যাসিড হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে, যেখানে ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ছয়টি।
তথ্যসূত্র: পূবের কলম
টিএইচএ/
