একদিনে রোজা ও ঈদ পালন নিয়ে যা বললেন জাতীয় খতিব আবদুল মালেক

by Abid

নিজস্ব প্রতিবেদন: সারা বিশ্বে একই দিনে রোজা এবং ঈদ পালনের দাবি ধর্মীয় ও বৈজ্ঞানিক; উভয় দিক থেকেই ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

শনিবার (৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আয়োজিত এক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসলামী শরিয়তে চন্দ্রমাস বা হিজরি মাস শুরুর একমাত্র ভিত্তি হলো খালি চোখে চাঁদ দেখা অথবা নির্ভরযোগ্য সাক্ষ্য গ্রহণ করা। এই পদ্ধতি ব্যতিরেকে অন্য কোনোভাবে মাস গণনা শরয়ি বিধানসম্মত নয়।

বিজ্ঞাপন
banner

মুফতি আবদুল মালেক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, চাঁদ দেখা না গেলে নিয়ম অনুযায়ী মাস ৩০ দিন পূর্ণ করতে হয়। এই চিরাচরিত পদ্ধতি বাদ দিয়ে অমাবস্যা বা আধুনিক জ্যোতির্বিজ্ঞানভিত্তিক পূর্বনির্ধারিত ক্যালেন্ডার অনুসরণ করা ইসলামের ধর্মীয় বিধানে সরাসরি হস্তক্ষেপের শামিল। তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ-উৎসবের পাশাপাশি গুরুত্বপূর্ণ ইবাদতও। তাই ইবাদতের এই সময়কে বৈশ্বিকভাবে একদিনে পালনের ধারণা কোনোভাবেই শরিয়াহসম্মত নয় এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই।

সেমিনারে তিনি আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত ও পর্যবেক্ষণ অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খলভাবে রোজা ও ঈদ পালিত হয়ে আসছে। দেশের অধিকাংশ শীর্ষস্থানীয় আলেম এই ব্যবস্থার ওপর ঐকমত্য পোষণ করেছেন। এই প্রতিষ্ঠিত ধারার বাইরে গিয়ে নতুন কোনো পদ্ধতি প্রবর্তনের চেষ্টা করলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই ধর্মীয় সংহতি ও সঠিক বিধান রক্ষায় প্রচলিত পদ্ধতি বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে দেশের শীর্ষস্থানীয় আলেম, প্রখ্যাত ইসলামি গবেষক ও শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। বক্তারা একমত পোষণ করেন যে, চন্দ্রমাস গণনার ক্ষেত্রে স্থানীয়ভাবে চাঁদ দেখাকেই প্রাধান্য দিতে হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের বিজাতীয় বা বিজ্ঞানসম্মত কাল্পনিক তারিখ চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য হবে না। সেমিনার শেষে মুসলিম উম্মাহর ঐক্য ও সঠিক পথে পরিচালনার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222