এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুর পৌর শহরে অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ‘স্টার ব্রিক্স’ নামের ওই ইটভাটার ফিক্সড চিমনি ধ্বংস করা হয়েছে এবং মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শহরের ডাকপাড়া চৌরাস্তা এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনো প্রকার বৈধ অনুমতি ছাড়াই দীর্ঘ দিন ধরে ইটভাটাটি পরিচালনা করে আসছিলেন এর মালিক। পরিবেশ রক্ষায় ও আইন অমান্য করায় পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ইটভাটার অবৈধ ফিক্সড চিমনি গুঁড়িয়ে দেওয়া হয় এবং ইটভাটা আইন অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুরসি জানান, জেলায় যেসব ইটভাটা পরিবেশ অধিদপ্তরের অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে, তাদের বিরুদ্ধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় এ ধরনের কঠোর অবস্থানে অটল থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
টিএইচএ/
