নিজস্ব প্রতিবেদন: বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ মে, বৃহস্পতিবার জিলহজ মাসের ১০ তারিখ পূর্ণ হওয়ায় ওইদিন সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।
ধর্মমন্ত্রী বলেন, আজ ২৯ জিলকদ, ১৮ মে সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৪৪৭ হিজরী সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। সব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
ধর্মমন্ত্রী আরও জানান, এমতাবস্থায় আগামীকাল ১৯ মে থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই প্রেক্ষিতে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। ধর্মপ্রাণ মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।
টিএইচএ/
