জামালপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

by Abid vs36

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের বকশীগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আলী (৩) ও ইয়ামিন (দেড় বছর) নামে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়নের সিংগিডোবা বিলে এবং মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামের সুজা আলীর ছেলে এবং ইয়ামিন জোড়খালী ইউনিয়নের বেতাগা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন
banner

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বকশীগঞ্জের গাজীরপাড়া গ্রামে নিজ বাড়িতে রান্না করছিলেন শিশু মোহাম্মদ আলীর মা লামিয়া আক্তার। এ সময় সবার অজান্তে বাড়ির আঙিনা থেকে ঘরের পাশের সিংগিডোবা বিলে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের কিনারা থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি তারা শুনেছেন এবং এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহত অপর শিশু ইয়ামিনের পরিবার সূত্রে জানা গেছে, মাদারগঞ্জের বেতাগা গ্রামে সকালে সবার চোখের আড়ালে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায় দেড় বছর বয়সী ইয়ামিন। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখেন মা। পরে দ্রুত উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. নাহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222