ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতের প্রস্তুতি ও কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এই তথ্য নিশ্চিত করেন। তবে আবহাওয়া কোনো কারণে প্রতিকূল বা খারাপ থাকলে জাতীয় ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
ডিএসসিসি প্রশাসক জানান, প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের জাতীয় ঈদগাহ ময়দানে এবার একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে ২৫০ জন ভিআইপি পুরুষ, ৮০ জন ভিআইপি নারী, ৩১ হাজার সাধারণ পুরুষ এবং ৩ হাজার ৫০০ জন সাধারণ নারীর নামাজ আদায়ের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। নামাজের জন্য সর্বমোট ১২১টি কাতার প্রস্তুত করা হচ্ছে, যার মধ্যে ভিআইপি পুরুষদের জন্য ৫টি, ভিআইপি নারীদের জন্য ১টি, জনসাধারণের জন্য ৬৫টি বড় কাতার এবং সাধারণ নারীদের জন্য ৫০টি ছোট কাতার থাকবে। ঈদগাহে প্রবেশের জন্য ১টি ভিআইপি গেট, ২টি সাধারণ পুরুষদের এবং ১টি নারীদের প্রবেশের পথসহ মোট ৪টি গেট থাকবে। অন্যদিকে নামাজ শেষে সুশৃঙ্খলভাবে বের হওয়ার জন্য ১টি ভিআইপি গেট, ৫টি পুরুষদের এবং ১টি নারীদের গেটসহ মোট ৭টি গেটের ব্যবস্থা রাখা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে প্রশাসক আবদুস সালাম নগরবাসীকে নির্ধারিত স্থানে কোরবানি করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, কোরবানি শেষে বর্জ্যগুলো অবশ্যই বিশেষ বায়োডিগ্রেডেবল ব্যাগে ভরে রাখতে হবে। ঈদের প্রথম দিনের উৎপাদিত বর্জ্য মাত্র ৮ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকা থেকে সম্পূর্ণ অপসারণ করা হবে। এই লক্ষ্যে মাতুয়াইল ল্যান্ডফিল থেকে রাত ৯টা থেকে প্রথম দিনের বর্জ্য অপসারণের মূল কার্যক্রম একযোগে শুরু হবে। বর্জ্য ব্যবস্থাপনার এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে ডিএসসিসির মোট ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী মাঠে নিয়োজিত থাকবেন এবং বর্জ্য পরিবহনের কাজে ব্যবহার করা হবে ২ হাজার ১১৭টি যানবাহন।
টিএইচএ/
