জামালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, ব্রহ্মপুত্র নদে কিশোর নিখোঁজ

by Abid vs36

এমরান হোসেন (জামালপুর): জামালপুরের মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে আলিফ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শাওন (১৫) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারি পূর্ব পাড়া এবং দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মন্ডলপাড়া এলাকায় পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

পুকুরের পানিতে ডুবে নিহত আলিফ কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারি পূর্ব পাড়া এলাকার কাশেম মন্ডলের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল আলিফ। শনিবার দুপুরে সমবয়সী কয়েকজনের সাথে সে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানার কারণে গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের স্বজনরা ও স্থানীয় লোকজন পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর পুকুরে জাল ফেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু রায়হান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মন্ডলপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে নিখোঁজ কিশোর শাওন উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে। সে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। জানা গেছে, শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমেছিল শাওন। গোসলের একপর্যায়ে হঠাৎ তীব্র স্রোতে সে পানির নিচে তলিয়ে যায়। তার বন্ধুরা তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে তারা নদীতে উদ্ধার তৎপরতা শুরু করেন।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কিশোর শাওনের কোনো সন্ধান মেলেনি। নদীটিতে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের অভিযান এখনো অব্যাহত রয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222