আফগানিস্তানে বিদ্যুৎখাতে বিনিয়োগ করছে চীনা প্রতিষ্ঠান

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বিদ্যুৎখাতের প্রয়োজনীয় সরঞ্জাম উৎপাদন ও কারিগরি কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে চীনের দুটি বড় প্রতিষ্ঠান। দাফগানিস্তান ব্রেশনা শেরকাতের (ডিএবিএস) প্রধান নির্বাহী কর্মকর্তা মোল্লা আব্দুল হক হামকার সম্প্রতি চীনের দুই শীর্ষ কোম্পানি ‘হুইশেন’ ও ‘হেলিক্স’-এর প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে আফগানিস্তানের বিদ্যুৎ খাতের সামগ্রিক উন্নয়ন, স্থানীয়ভাবে সরঞ্জাম উৎপাদন এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ডিএবিএসের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠককালে সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা দেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য বর্তমান সুযোগ-সুবিধা ও অনুকূল পরিবেশের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, এই খাতটি দেশীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের বিনিয়োগকারীদের জন্য একটি চমৎকার এবং মূল্যবান ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে গ্রহণ করা বিভিন্ন পদক্ষেপের কারণে এখন যেকোনো বিদেশি বিনিয়োগকারী সম্পূর্ণ আস্থা ও নিরাপত্তার সাথে এই খাতে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

বিজ্ঞাপন
banner

বৈঠকে চীনের হুইশেন কোম্পানি আফগানিস্তানের বিদ্যুৎ খাতের জনবলকে দক্ষ করতে প্রশিক্ষণ প্রদান, বিদ্যুৎ নেটওয়ার্কের ট্রান্সফরমার মেরামত ও রক্ষণাবেক্ষণ, একটি সুসজ্জিত আধুনিক কারিগরি পরীক্ষাগার (ল্যাবরেটরি) স্থাপন এবং যৌথ উদ্যোগে একটি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়ে গভীর আগ্রহ ও পূর্ণ প্রস্তুতি প্রকাশ করেছে। অন্যদিকে চীনের আরেক প্রতিষ্ঠান হেলিক্স কোম্পানি আফগানিস্তানে বিদ্যুৎ পরিবাহী ক্যাবল বা তার তৈরির কারখানা স্থাপনের পাশাপাশি বিদ্যুৎ পরিমাপক ও বিতরণ সংক্রান্ত বিভিন্ন ট্রান্সফরমার ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থানীয়ভাবে উৎপাদনের পরিকল্পনা ব্যক্ত করেছে। এই বিনিয়োগ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আফগানিস্তানের বিদ্যুৎ খাতের পরনির্ভরশীলতা অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: বাখতার নিউজ এজেন্সি

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222