ভুয়া ছবি-আইডি ব্যবহার করে সানজিদার ‘হালালা সেন্টার’ প্রতারণা

by hsnalmahmud@gmail.com

চিফ রিপোর্টার:: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অনুভূতির মতো স্পর্শকাতর বিষয়কে পুঁজি করে এক ভয়ংকর প্রতারণার জাল বুনেছে ‘Sanzida Akter’ নামের একটি চক্র। শরিয়তসম্মত বিয়ের সহযোগিতার নামে তথাকথিত ‘হালালা সেন্টার’ খুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা, অন্যের ব্যক্তিগত ছবি চুরি করে মানহানি এবং সাইবার অপরাধের এক অভিনব ফাঁদ পেতেছে এই চক্রটি। অনুসন্ধানে এই তথাকথিত সেন্টারের পেছনের আইডির কিছু চাঞ্চল্যকর জালিয়াতি ও প্রতারণার তথ্য বেরিয়ে এসেছে।

৫ বার নাম বদল: নেপথ্যে ভুয়া চক্র

বিজ্ঞাপন
banner

অনুসন্ধানে দেখা গেছে, ‘Sanzida Akter’ নামে যে ফেসবুক আইডি থেকে এই হালালা সেন্টারের জোর প্রচার চালানো হচ্ছে, সেটি সম্পূর্ণ ভুয়া, ছদ্মনামী এবং উদ্দেশ্যপ্রণোদিত। আইডিটির ইতিহাস (History) পর্যবেক্ষণ করে দেখা যায়:

২৮ ডিসেম্বর ২০২৪: আইডিটি প্রথমে ‘Sanzida Akter’ নামে খোলা হয়।

একই দিনে (২৮ ডিসেম্বর): নাম পরিবর্তন করে রাখা হয় “মুফতি জিয়া বিন কাসেম”।

১০ এপ্রিল ২০২৫: নাম বদলে করা হয় “স্বপ্নের ব্যাখ্যা – Dream Explanation”।

১০ অক্টোবর ২০২৫: নতুন নাম দেওয়া হয় “Muhaddisa Apu”।

১৫ ফেব্রুয়ারি ২০২৬: সর্বশেষ পুনরায় নাম পরিবর্তন করে করা হয় ‘Sanzida Akter’।

আইডিটির পেছনে প্রকৃতপক্ষে কে বা কারা রয়েছে, তার কোনো সুনির্দিষ্ট বা বৈধ তথ্য প্রোফাইল থেকে পাওয়া যায়নি।

প্রোফাইল ও কাভার ফটোও চুরি করা

চক্রটি নিজেদের পরিচয় আড়াল করতে এবং বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য প্রোফাইলের ছবিগুলোও অন্য সোশ্যাল মিডিয়া থেকে চুরি করেছে। রিভার্স ইমেজ সার্চে দেখা গেছে, আইডিটির প্রোফাইল ছবি হিসেবে ব্যবহৃত ছবিটি ‘Joy’s queen’ নামের একটি টিকটক আইডি থেকে নেওয়া। অন্যদিকে, আইডির কাভার ফটোটি ‘Dola Mallik’ নামের অন্য একটি টিকটক আইডি থেকে অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে।

পারিবারিক ডিনারের ছবিকে ‘আলেমদের বৈঠক’ দাবি
গত ৭ জুন উক্ত ভুয়া আইডি থেকে একটি রেস্টুরেন্টে বসা কয়েকজন নারী ও পুরুষের কিছু ছবি পোস্ট করে দাবি করা হয়, সেটি ‘হালালা সেন্টার ও এর ভবিষ্যৎ পরিকল্পনা’ নিয়ে দেশের আলেম সমাজের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের ছবি।

কিন্তু অনুসন্ধানে দেখা যায়, এই ছবিগুলো মূলত ‘Hafez Yousuf Abtahi’ নামের এক ব্যক্তির ফেসবুক পোস্ট থেকে চুরি করা, যা ছিল সম্পূর্ণ তাদের একটি পারিবারিক ডিনারের মুহূর্ত। ছবি চুরির শিকার হাফেজ ইউসুফ আবতাহী ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের পারিবারিক ছবি অপব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে এবং এই চক্রের বিরুদ্ধে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি এই মানহানিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনি প্রক্রিয়া চালাচ্ছেন।

মুফতির ছবি দিয়ে ভুয়া ‘মুহাল্লিল’ কার্ড তৈরি

গত ৬ জুন হালালা সেন্টারের প্রচারণায় ‘মুফতি কেফায়ায়াতুল্লাহ কাশফি’ নামের একজন আলেমের ছবি ব্যবহার করে তাকে ওই সেন্টারের ‘মুহাল্লিল’ (অন্তর্বর্তীকালীন চুক্তিভিত্তিক স্বামী) হিসেবে ঘোষণা দিয়ে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়।

এই পোস্টের নিচে স্বয়ং মুফতি কেফায়ায়াতুল্লাহ কাশফি তীব্র প্রতিবাদ জানিয়ে কমেন্ট করেন, ‘আমার ছবি এড করার কারণ কি??? দ্রুত রিমুভ করুন অন্যথায় আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।’ পরবর্তীতে যোগাযোগ করা হলে ৩৬ নিউজকে তিনি জানান, ওই আইডির পোস্টে তিনি স্রেফ মজার ছলে একটি মন্তব্য করেছিলেন, কিন্তু চক্রটি সেই সুযোগে তার প্রোফাইল থেকে ছবি চুরি করে তাকে ‘হালালা সেন্টারের মুহাল্লিল’ বানিয়ে অপপ্রচার শুরু করে।

সত্যতা যাচাই ছাড়াই অনলাইনের বিভ্রান্তিকর নিউজ

সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হলো, এই ভুয়া ফেসবুক আইডির কোনো সত্যতা যাচাই না করেই দেশের কিছু অনলাইন নিউজ পোর্টাল একে সত্য খবর হিসেবে প্রকাশ করে বিভ্রান্তি ছড়িয়েছে।

৬ জুন: ‘দ্য ঢাকা ডায়েরি’ নামক একটি পোর্টাল “তালাকপ্রাপ্ত নারীদের বিয়েতে সহযোগিতায় ‘হালালা সেন্টার’ প্রতিষ্ঠা আলেমা সানজিদার” শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।

৭ জুন: ‘ইরশাদ২৪’ নামের আরেকটি পোর্টালও একইভাবে একে সত্য ধরে নিয়ে সংবাদ প্রকাশ করে, যা এই ভুয়া চক্রের প্রচারণাকে আরও উসকে দেয়।

অপরাধের ধরন ও আইনগত ঝুঁকি

ধর্মীয় সংবেদনশীল বিষয় ও নারীদের অসহায়ত্বকে কেন্দ্র করে তৈরি এই ভুয়া আইডিটি কখনো বলছে ‘আলেম-ওলামাদের হাজার হাজার সিভি জমা পড়েছে’, আবার কখনো বলছে ‘আপাতত কার্যক্রম বন্ধ’। মূলত এটি মানুষের ব্যক্তিগত ছবি, সিভি ও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিয়ে বড় ধরনের সাইবার ব্ল্যাকমেইলিং ও আর্থিক প্রতারণার একটি সুগভীর ফাঁদ।

ব্যক্তিগত ছবি অপব্যবহার, ভুয়া আইডি পরিচালনা এবং ধর্মীয় অবমাননাকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে এই চক্রের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব। সাধারণ মানুষকে এই তথাকথিত ‘হালালা সেন্টার’ নামক জালিয়াতির ফাঁদে পা না দেওয়ার জন্য এবং যেকোনো তথ্য বা ছবির সত্যতা যাচাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222