জামালপুর সীমান্তে আটকে থাকা সেই ব্যক্তির পরিচয় মিলেছে

by Masudul Kadir

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরের বকশীগঞ্জের রামরামপুর সীমান্তের ১০৮২ নাম্বার পিলার এলাকার শূন্য রেখায় আটকে থাকা সেই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাবু চন্দ্র বর্মনের ছেলে। ভারত ও বাংলাদেশ সীমান্তের শূন্য রেখায় দীর্ঘ ২৪ ঘণ্টা আটকে থাকার পর বৃহস্পতিবার সকালে তাকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারের পর তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। ধানুয়া কামালপুর বিজিবি সূত্রে জানা গেছে, বর্তমানে ওই ব্যক্তি থানাতেই অবস্থান করছেন এবং তার পরিবারের সদস্যরা এলেই তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

এর আগে গত বুধবার সকালে রামরামপুর সীমান্ত দিয়ে ওই ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অসহায় অবস্থায় আটকে থাকেন ওই বৃদ্ধ। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির ছবি ও খবর ছড়িয়ে পড়লে তা দেখে পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন এবং তার পরিচয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন
banner

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকে থাকা ওই ব্যক্তির জাতীয় পরিচয়পত্র পুলিশ হাতে পেয়েছে। বিজিবি তাকে উদ্ধার করে থানায় পাঠিয়েছে। তার স্বজনরা রাজশাহী থেকে ইতোমধ্যে বকশীগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা থানায় এসে পৌঁছালে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ষষ্টি চন্দ্র বর্মনকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222