বশির আহম্মদ মোল্লা,(নরসিংদী প্রতিনিধি)
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনার অংশ হিসেবে গতকাল সকালে নরসিংদী জেলা প্রশাসন-এর আয়োজনে এবং নরসিংদী সদর উপজেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৭০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ২০০টি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেদুজ্জামান, আসমা জাহান সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ, সহকারী বন সংরক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, “একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং আমাদের জীবন, জীবিকা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত।”
তিনি নরসিংদী জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ী মহল এবং সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় তিনি বাড়ির আঙিনা, রাস্তার পাশ, খালি জমি এবং জনসাধারণের ব্যবহারযোগ্য স্থানে অধিক সংখ্যক ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আসুন, আমরা সবাই অন্তত একটি করে গাছ লাগাই এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করি। আজকের একটি গাছই হতে পারে আগামী দিনের নির্মল বাতাস, নিরাপদ পরিবেশ ও টেকসই বাংলাদেশের ভিত্তি।”
এনআর/
