বিশ্ব রক্তদাতা দিবসে রাবিতে যাত্রা শুরু করলো ‘এসডব্লিউবিডিএস’

by Abid vs36

মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করেছে নবগঠিত সামাজিক সংগঠন সোশ্যাল ওয়ার্ক ব্লাড ডোনেশন সোসাইটি (এসডব্লিউবিডিএস)। শনিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মধ্য দিয়েই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে তাদের মানবিক কার্যক্রমের যাত্রা শুরু করল।

দিনব্যাপী আয়োজিত এই রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল ইসলাম কনক, অধ্যাপক ড. ফখরুল ইসলাম, ড. শরিফুল ইসলাম এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মো. শামীম হোসেন চৌধুরী। সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস নিজে রক্তদানের মাধ্যমে এই মহতী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন
banner

সংগঠনের আয়োজক কমিটির সদস্যরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে রক্তদানে সচেতনতা বৃদ্ধি করা, জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীদের জন্য দ্রুত রক্তদাতা খুঁজে বের করা এবং একটি সুসংগঠিত রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। কর্মসূচিতে রক্তদানের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের বিশেষ ব্যবস্থাও রাখা হয়। রক্তদান শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে এবং এই মানবিক চিন্তা ও সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি রক্ত দিতে উদ্বুদ্ধ হয়েছেন।

সংগঠনের সমন্বয়ক ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী নাজিফা তাকিয়া এই উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এর আগে ক্যাম্পাসে বা বাইরে হঠাৎ রক্তের প্রয়োজন হলে তাদের অন্য সংগঠনের সহায়তার ওপর সম্পূর্ণ নির্ভর করতে হতো। অনেক সময় সময়মতো রক্ত পেতে বেশ জটিলতার মুখোমুখি হতে হতো। সেই বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনীয়তা থেকেই সমাজকর্ম বিভাগের নিজস্ব ব্লাড ডোনেশন ক্লাব গঠনের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম কিবরিয়া ফেরদৌস নবগঠিত এই সংগঠনের প্রশংসা করে বলেন, স্বেচ্ছায় রক্তদান মানবিক ও সামাজিক দায়বদ্ধতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ। তিনি গভীর আশাবাদ ব্যক্ত করেন যে, এসডব্লিউবিডিএস ভবিষ্যতেও তাদের এই ধারাবাহিকতা বজায় রেখে মানবকল্যাণমূলক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে অনন্য ভূমিকা রাখবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222