সীমান্তে ১০ ঘন্টা উত্তেজনার পর বাংলাদেশি শিশু ফিরলো পরিবারের কাছে

by Abid vs36

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে দীর্ঘ ১০ ঘণ্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর কোম্পানি পর্যায়ের সফল পতাকা বৈঠকের মাধ্যমে ১২ বছর বয়সী এক বাংলাদেশি শিশুকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল শনিবার (১৩ জুন) রাত ১১টার দিকে সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩-এর সাব-পিলার ৩-এস সংলগ্ন এলাকায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। হস্তান্তর প্রক্রিয়া শেষে রাত ১২টার দিকে শিশুটিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

সীমান্ত ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ঘগয়াপাড় এলাকার বাসিন্দা জামাল উদ্দিন ও নাজমা বেগম দম্পতির মেয়ে জয়নব খাতুন (১২) শনিবার দুপুরে মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে সীমান্তবর্তী দক্ষিণ অনন্তপুর-নাজিরহাট এলাকার আন্তর্জাতিক মেইন পিলার ৯৪৩/৩ সংলগ্ন এলাকা দিয়ে অসচেতনতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। ওই সময় টহলরত বিএসএফ সদস্যরা শিশুটিকে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুশইনের উদ্দেশ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে। এ সময় কাশিপুর বিওপির টহলরত বিজিবি সদস্যরা ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে ভয় পেয়ে নিজেকে ভারতের বাসিন্দা বলে দাবি করে। এর পরিপ্রেক্ষিতে বিজিবি তাকে ভারতের দিকেই ফেরত পাঠায়। মূলত এই পরিচয় বিভ্রাটকে কেন্দ্র করে পরবর্তী সময়ে বিজিবি ও বিএসএফের মধ্যে এক অনাকাঙ্ক্ষিত ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

একপর্যায়ে ১৩৮ বিএসএফ ব্যাটালিয়নের ধাপরাহাট বিওপির সদস্যরা ভারতীয় সীমান্তবর্তী শুকারেরকুটি গ্রাম এলাকা থেকে কিশোরীকে পুনরায় নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে। বিএসএফের চুলচেরা তদন্তে তার প্রকৃত বাংলাদেশি পরিচয় নিশ্চিত হওয়ার পর তারা আনুষ্ঠানিকভাবে বিষয়টি বিজিবিকে অবহিত করে। এর পরপরই বিজিবি কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করে এবং বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানায়। দীর্ঘ আলোচনার পর শনিবার রাত ১১টার দিকে আন্তর্জাতিক মেইন পিলার এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কাশিপুর বিওপির সুবেদার ইব্রাহিম আলীর নেতৃত্বে বিজিবি প্রতিনিধি দল অংশ নেয়। এছাড়া কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, ইউপি সদস্য ফেরদৌস আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিএসএফ কিশোরী জয়নবকে বিজিবির কাছে বুঝিয়ে দেয়।

কিশোরীর মা নাজমা বেগম ঘটনার বর্ণনা দিয়ে জানান, শনিবার সকালে মেয়েকে স্কুলে পাঠানোর সময় খাবার নিয়ে বায়না ধরলে তিনি তাকে বকাঝকা করে না খাইয়েই স্কুলে পাঠিয়ে দেন। পরে দুপুরে স্কুলে খোঁজ নিয়ে জানতে পারেন যে তার মেয়ে সেখানে যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি জানতে পারেন, মেয়েটি সীমান্ত এলাকায় চলে গেছে এবং বিএসএফ তাকে ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। পতাকা বৈঠকের পর সন্তানকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়ায় তিনি বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বলেন, পতাকা বৈঠক শেষে বিএসএফ কিশোরীকে বিজিবির কাছে হস্তান্তর করলে আইনি প্রক্রিয়া শেষে বিজিবি সদস্যরা তাকে আমার জিম্মায় দেন। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ইব্রাহিম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222