ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী এলাকায় কাপলিং ভেঙে বগি থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনে রিলিফ ইঞ্জিন সংযুক্ত করার পর এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, একই দিন দুপুর সোয়া ১২টার দিকে মশাখালী রেল স্টেশনের কাছাকাছি এলাকায় এই যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহ হয়ে টাঙ্গাইলের ভূঞাপুরের দিকে যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে মশাখালীর কাছাকাছি পৌঁছালে আকস্মিকভাবে ট্রেনের ইঞ্জিনের কাপলিং ভেঙে যায়। এর ফলে মুহূর্তের মধ্যে বগি থেকে ইঞ্জিনটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গফরগাঁও-ঢাকা রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
রেলওয়ে কর্তৃপক্ষ আরও জানায়, ঘটনার পরপরই ময়মনসিংহ থেকে একটি উদ্ধারকারী বা রিলিফ ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। নতুন ইঞ্জিনটি ট্রেনের সাথে যুক্ত করার পর দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়। স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, মাঝপথে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার এই ঘটনায় লাইনের বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন সাময়িকভাবে আটকে পড়েছিল। তবে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং অন্যান্য সব ট্রেনের চলাচলও শুরু হয়েছে। দুর্ঘটনাকবলিত জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রথমে ময়মনসিংহ রেলস্টেশনে আনা হচ্ছে এবং সেখান থেকে সেটি নির্ধারিত গন্তব্য টাঙ্গাইলের ভূঞাপুরের উদ্দেশ্যে রওনা হবে।
টিএইচএ/
