শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম

by Abid vs36

৩৬ নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার পর্যটন নগরী শ্রীমঙ্গল সফরে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বুধবার (১৭ জুন) দুপুর ১টায় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছাবেন। সফরকালে তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং সরাসরি উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেবেন। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নির্ধারিত দিনে দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের সদস্যদের এই কল্যাণমুখী কর্মসূচির আওতায় আনা হয়েছে। উপকারভোগীদের তালিকা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই ও চূড়ান্ত করতে প্রশাসনের পক্ষ থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বিশেষ দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রধানমন্ত্রীর এই জেলা সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও সরকারের অগ্রবর্তী দলসহ প্রশাসনের সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্রীমঙ্গলে প্রয়োজনীয় সমন্বয় ও মহড়া পরিচালনা করছে। অনুষ্ঠানস্থল ও এর চারপাশের এলাকায় নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

এদিকে, দেশের সরকারপ্রধানের আগমনকে কেন্দ্র করে চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ব্যানার, ফেস্টুন ও তোরণ নির্মাণ করে শহরকে সাজানো হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে মৌলভীবাজার জেলার সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও গতিশীল ও সম্প্রসারিত হবে এবং প্রান্তিক সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সরাসরি রাষ্ট্রের কল্যাণমূলক সেবার সুবিধা ভোগ করতে পারবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222