আফগানিস্তান নিয়ে ইইউ ও মধ্য এশিয়ার উচ্চপর্যায়ের বৈঠক

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মধ্য এশিয়ার দেশগুলো এবং জাতিসংঘের প্রতিনিধিরা আফগানিস্তান ইস্যুতে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে কাজাখস্তানের আলমাতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন।

সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, যোগাযোগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়ে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

কাজাখস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, এটি ছিল আফগানিস্তান বিষয়ক ইইউ ও মধ্য এশিয়ার বিশেষ প্রতিনিধিদের অষ্টম বৈঠক। এতে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের প্রতিনিধি দল ছাড়াও ইইউ এবং জাতিসংঘের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে আলোচনার পাশাপাশি আন্তর্জাতিক মহলের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকের অন্যতম প্রধান এজেন্ডা ছিল আফগানিস্তানের ভেতর দিয়ে পরিবহন ও ট্রানজিট করিডোর গড়ে তোলা। এর মাধ্যমে মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং ইউরোপের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। কাজাখস্তান জাতিসংঘের কাঠামোর আওতায় কূটনৈতিক সমাধান, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সহযোগিতার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এ ছাড়া আফগানিস্তানে মানবিক সহায়তা ও শিক্ষা খাতের উন্নয়নসহ আঞ্চলিক অর্থনৈতিক সংহতি জোরদার করার বিষয়ে সমর্থন জানিয়েছে কাজাখস্তান। বিশেষ করে আলমাতিতে অবস্থিত জাতিসংঘের আঞ্চলিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) কেন্দ্রের মাধ্যমে আন্তর্জাতিক সহায়তা সমন্বয়ে জাতিসংঘের ভূমিকার কথা তুলে ধরা হয়।

বহুপক্ষীয় আলোচনার ক্ষেত্রে আলমাতি ক্রমশ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে উল্লেখ করে প্রতিনিধিরা জানান, এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করতে তারা একসঙ্গে কাজ করে যাবেন। সূত্র: আরিয়ানা নিউজ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222