৩৬ নিউজ ডেস্ক:: ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচিত ইসলামী বক্তা মুফতি আহমদুল্লাহর একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী। তার একটি মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, গতকাল (১৫ই জুন) একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজে মুফতি আহমদুল্লাহর একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। সেখানে তার উদ্ধৃতিতে লেখা ছিল, একদিকে কোটি কোটি ক্ষুধার্ত মানুষ, অন্যদিকে অনর্থক একটি খেলার পেছনে চলছে গোটা পৃথিবীর সম্মিলিত উন্মাদনা।
ওই পোস্টের মন্তব্যের ঘরে সমীর চক্রবর্তী লিখেন, হুজুর হু হু,,, রাতে তো আপনিও এরপর দুটো হাসির ইমোজি। তারপর তিনি লিখেছেন, সব জায়গায় ধর্মের জ্ঞান কুত্তায়ও শোনে না। মন্তব্যটির স্ক্রিনশট ভাইরাল হলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার আলেম সমাজের পাশাপাশি বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমীর চক্রবর্তীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সাইবার দলের সভাপতি সুমন খান এক ফেসবুক পোস্টে লিখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব কর্তৃক একজন আলেমকে উদ্দেশ্য করে এ ধরনের বেয়াদবিমূলক মন্তব্য করা শুধু অশালীনতাই নয়, বরং চরম ঔদ্ধত্য ও অসভ্য মানসিকতার প্রকাশ।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া বৈষম্যবিরোধী কওমী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী মোল্লা জাহিদুল হাসান ইসরাফিল তার ফেসবুক ওয়ালে লিখেন, এর আগেও আপনার বিরুদ্ধে আলেম-উলামাদের নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। যদি সাম্প্রতিক মন্তব্যটি সত্যিই আপনার হয়ে থাকে, তাহলে প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়াই হবে দায়িত্বশীলতার পরিচয়। যত দ্রুত ক্ষমা চাইবেন, ততই ভালো।
এ বিষয়ে বক্তব্য জানতে ফেস দ্যা পিপল এর জেলা প্রতিনিধি সমীর চক্রবর্তীর মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এনআর/
