এমরান হোসেন, (জামালপুর প্রতিনিধি)
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২০ ফুট দৈর্ঘ্যের একটি আর্জেন্টিনার পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থক।
ঘটনাটি উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকায় ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আসন্ন ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা চাঁদা তুলে একটি বড় আকারের আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের পতাকাটি নদীর পাড়ে একটি খুঁটির সঙ্গে টাঙিয়ে রাখা হয়েছিল।
ক্লাব সদস্যদের দাবি, বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে তারা জানতে পারেন যে পতাকাটি চুরি হয়ে গেছে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন ক্লাবের সদস্য টুটুল শিকদার।
টুটুল শিকদার বলেন, “অনেক কষ্ট করে টাকা-পয়সা সংগ্রহ করে আমরা পতাকাটি তৈরি করেছিলাম। কেউ কেউ নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এ কাজে সহযোগিতা করেছে। যারা এ কাজ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনআর/
