মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে শিলমান্দীতে জনতার র‍্যালি

by Abid vs36

বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডে মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, সচেতন নাগরিক ও প্রগতিশীল তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়। র‍্যালিটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন হাইওয়ে এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা। তিনি তার বক্তব্যে বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, বরং একটি পুরো পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ক্রমান্বয়ে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এই ভয়াবহ মাদক নির্মূলে দলমত নির্বিশেষে সর্বস্তরের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যারা এই আন্দোলনের সম্মুখভাগে কাজ করছেন, তাদের পাশে সকলকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক শিক্ষক রফিকুল ইসলাম মাস্টার এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব খান (এমএসসি) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাদকের মরণকামড় থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এই সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। একই সাথে এলাকায় চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে মাদকবিরোধী তীব্র সামাজিক আন্দোলন গড়ে তোলার কারণে সংগঠনের অন্যতম শীর্ষ নেতা সোহরাব খানের ওপর সম্প্রতি ঘটে যাওয়া বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সমাবেশে অভিযোগ করা হয়, শাহীন নামের এক চিহ্নিত মাদক কারবারি ও তার সহযোগীরা তাকে শারীরিকভাবে চরম নির্যাতন করেছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন থেকে কোনো কার্যকর প্রতিকার বা অপরাধীকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেন ভুক্তভোগী সোহরাব খান। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যেকোনো মূল্যে শিলমান্দীকে মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

টিএইচই/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222