এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। শুক্রবার (২৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২৫ ২৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে পৌর শহরের উত্তর কুটুরিয়া শেরপুর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার জয়নাথপুর ইউনিয়নের বড়টোডা বিশনাউড়ি এলাকার ফুল মিয়ার ছেলে আক্তার হোসেন (৪৫), শেরপুর জেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া ভাটিপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে মনির হোসেন (৪৬), একই এলাকার তসর উদ্দিন সরকারের ছেলে বিল্লাল হোসেন (৫৫) এবং কুরুয়া দক্ষিণপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাগর (৩০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানা পুলিশের একটি দল শেরপুর ব্রিজের দক্ষিণ পাশে জামালপুর পৌরসভার উত্তর কুটুরিয়া এলাকায় জামালপুর-শেরপুর মহাসড়কে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি সাদা রঙের টয়োটা প্রবোক্স প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের আটক করে। পরবর্তীতে গাড়িটির গ্যাস সিলিন্ডারের নিচে বিশেষভাবে তৈরি একটি স্টিলের বক্স থেকে খাকি কস্টেপে মোড়ানো ৬টি প্যাকেটে মোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। জামালপুর জেলার পুলিশ সুপার মোছা: ফারহানা ইয়াসমিন বলেন, সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। যে বা যারাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং দ্রুত আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে জামালপুর জেলা পুলিশের এই অভিযান চলমান থাকবে।
টিএইচএ/
