বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের উদ্যোগে প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে বহুল প্রতীক্ষিত এই ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সমন্বয়ে গঠিত দুটি শক্তিশালী দল। আজ খেলাটি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ম্যাচের শুরু থেকেই উভয় দল মাঠের চারদিকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় প্রথমার্ধেই আর্জেন্টিনা দল একটি গুরুত্বপূর্ণ গোল করে ম্যাচে এগিয়ে যায়। পরবর্তীতে ব্রাজিল দল গোল পরিশোধের জন্য একাধিক পাল্টা আক্রমণ পরিচালনা করলেও আর্জেন্টিনার শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের চমৎকার দৃঢ়তায় তারা গোলের দেখা পায়নি। নির্ধারিত সময় শেষে আর্জেন্টিনা ১-০ গোলে ব্রাজিল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচ শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় এবং মাঠে উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের অভিনন্দন জানান।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উক্ত কলেজের প্রিন্সিপাল ডক্টর মশিউর রহমান মৃধা বলেন, খেলাধুলা মানুষের জীবনে শৃঙ্খলা, সাহস ও উদ্যম জোগায়, যা সাফল্যের মূল ভিত্তি। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানান। একই সাথে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরতে ভবিষ্যতেও কলেজের পক্ষ থেকে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
টিএইচএ/
