বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরা উপজেলার বটতলীতে স্থানীয় যুবসমাজের উদ্যোগে জমকালো ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক প্রস্তুতি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি শত শত ক্রীড়ামোদী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণ ও যুবকদের অংশগ্রহণে উক্ত টুর্নামেন্টে একাধিক দল প্রতিদ্বন্দ্বিতা করে। দিনের খেলার পাশাপাশি রাতে ফ্লাডলাইটের রঙিন আলোকসজ্জায় পুরো খেলার মাঠকে চমৎকারভাবে সাজিয়ে তোলা হয়। টুর্নামেন্টের ম্যাচগুলোকে কেন্দ্র করে স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। রায়পুরা ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন এবং দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
দিনব্যাপী আয়োজিত এই ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক, চর আড়ালীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি আতাউর রহমান মিঠু। তিনি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে এলাকার তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার পাশাপাশি ইসলামী মূল্যবোধের প্রতি আগ্রহ সৃষ্টি করাতে হবে। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে যেকোনো মূল্যে সকল অন্যায়-অপরাধ দূর করে একটি সুন্দর ও আদর্শ সমাজ গঠন করব। নতুন প্রজন্মকে আমাদের ভালো কিছু উপহার দিতে হবে। দুর্নীতি, অনিয়ম, সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ তৈরি করতে প্রতিটি এলাকার তরুণ ও যুবকদেরকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো মাদক ও নেশামুক্ত সমাজ প্রতিষ্ঠা করা। তিনি আরও উল্লেখ করেন, নিয়মিত এ ধরনের খেলাধুলার চর্চা মানুষের দেহ ও মন ভালো রাখে। খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে যুবসমাজকে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ রাখা সম্ভব, আর তারা ভালো থাকলে দেশ ও জাতি ভালো থাকবে।
আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আতাউর রহমান মিঠু বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এদিকে স্থানীয় বাসিন্দারা যুবসমাজের এমন চমৎকার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান। বটতলী যুবসমাজের নেতৃবৃন্দও আশাবাদ ব্যক্ত করে জানান, ভবিষ্যতেও তারা নিয়মিত ক্রীড়া ও সামাজিক কার্যক্রম চালিয়ে যেতে বদ্ধপরিকর, যাতে এলাকার তরুণরা সুস্থ বিনোদনের মাধ্যমে ইতিবাচক পথে এগিয়ে যেতে পারে।
টিএইচএ/
