বশির আহম্মদ মোল্লা (নরসিংদী প্রতিনিধি): নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল উচ্চ বিদ্যালয়ের নবগঠিত কমিটির উদ্যোগে জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সচেতনতা বিষয়ক র্যালি, বৃক্ষরোপণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মরজাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়টির নবগঠিত কমিটির সভাপতি ও রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় যুবসমাজ ও শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল বাতেন বলেন, বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা মানবজাতির জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের প্রিয় পৃথিবীকে রক্ষা করার সবচেয়ে সহজ এবং কার্যকর উপায় হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা। গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, এটি মানুষের পরম বন্ধু। ফলমূল, কাঠ ও ঔষধি উপাদানের জোগান দেওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে গাছের ভূমিকা অতুলনীয়। একটি দেশের সামগ্রিক পরিবেশগত ভারসাম্যের জন্য মোট ভূখণ্ডের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন, যা আমাদের দেশে এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তাই এই লক্ষ্য পূরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
তিনি উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয় সুধীজনদের উদ্দেশ্যে আরও বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হবে না, গাছ লাগানোর পর সেটির সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। আমাদের বাড়ির আশপাশে, রাস্তার পাশে বা শিক্ষাপ্রতিষ্ঠানের খালি জায়গায় অন্তত একটি করে ফলদ, বনজ বা ঔষধি গাছ লাগানো উচিত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, সুন্দর ও সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের আজ থেকেই পরিকল্পিত সবুজায়নে সচেতন হতে হবে।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণ একটি মহৎ ইবাদত এবং সওয়াবের কাজ। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এই বর্ষা মৌসুমে বৃক্ষরোপণ অভিযানে অংশ নিয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অত্যন্ত সময়োপযোগী এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত থাকতে পেরে এবং সচেতনতামূলক বার্তা সবার মাঝে পৌঁছে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন জানিয়ে তিনি উপস্থিত সুধীবৃন্দ, সহকর্মী এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এর আগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে জলবায়ু সচেতনতা বিষয়ক একটি বর্ণাঢ্য র্যালি চারপাশ প্রদক্ষিণ করে এবং পরে স্কুল মাঠে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
টিএইচএ/
