ঢলের পানিতে বিলীন হচ্ছে শত শত বিঘা কৃষিজমি

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: পঞ্চগড়ে উজান থেকে নেমে আসা বর্ষার পানির ঢলে ভাঙনের মুখে পড়েছে শত শত বিঘা ফসলি জমি। ইতোমধ্যে প্রায় ৩০ বিঘা আবাদি জমি বিলীন হয়ে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা। ভুক্তভোগীদের অভিযোগ, আবাদি জমি রক্ষায় বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার লিখিত আবেদন করেও কোনো প্রতিকার মিলছে না। পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায় এই ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বাকি জমিও বিলীন হয়ে যাবে।

জানা গেছে, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় গত পাঁচ বছরে লাঠুয়াপাড়া এলাকার শতাধিক কৃষকের আবাদি জমি ভাঙনের শিকার হয়েছে। প্রতি বর্ষা মৌসুমে এই ভাঙনের মাত্রা কয়েকগুণ বেড়ে যায়। উজান থেকে নেমে আসা পানির প্রবল ঢলে তীব্র স্রোত আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় আবাদি জমি পরিণত হচ্ছে নালা ও জলাভূমিতে। ভাঙন রোধে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত আবেদন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের। স্থানীয় কৃষকদের তথ্য অনুযায়ী, বর্তমানে লাঠুয়াপাড়াসহ আশপাশের এলাকার প্রায় ৩০০ কৃষকের অন্তত ২০০ বিঘা আবাদি জমি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

বিজ্ঞাপন
banner

ভাঙনে ক্ষতিগ্রস্ত স্থানীয় চাষিরা জানান, দীর্ঘদিন ধরে তাদের আবাদের জমি ভেঙে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু এটি দেখার যেন কেউ নেই। ইতিমধ্যে অনেকে নিজের চাষের জমি হারিয়েছেন। বাকি জমিও বিলীন হওয়ার আশঙ্কায় এখন তারা দুশ্চিন্তায় দিন পার করছেন। বর্ষা মৌসুমের এই ভাঙনের কারণে আশপাশের জমিতে নতুন করে আবাদ করাও সম্ভব হচ্ছে না। ফলে এই সংকট নিরসনে দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।

পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন জানান, পানির প্রবল চাপে আবাদি জমি ভেঙে নালায় পরিণত হচ্ছে। স্থানীয় কৃষকদের আবেদনের প্রেক্ষিতে দ্রুতই ঘটনাস্থল সরেজমিনে তদন্ত করে স্থায়ী প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন এই কর্মকর্তা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222