৩৬নিউজ ডেস্ক: বিদায় বেলায় বরিশালের বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু হাতে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় ছিন্নমূল নারীরা।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন সহায়তার জন্য আবেদন করেও কোনো সুরাহা না পাওয়া এবং বিদায়ী জেলা প্রশাসকের চরম উদাসীনতার ক্ষোভ থেকে এই নজিরবিহীন আন্দোলনের সূত্রপাত ঘটে।
বিক্ষোভে অংশ নেওয়া নারীরা অভিযোগ করে বলেন, তারা দীর্ঘদিন ধরে নানাবিধ সরকারি সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা দিয়ে দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু জেলা প্রশাসক তাদের কোনো ধরনের সহায়তা তো করেনইনি, উল্টো তাদের সাথে চরম দুর্ব্যবহার করা হতো। ফলে জেলার শত শত ছিন্নমূল ও প্রান্তিক মানুষ চরম মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। বিক্ষোভকারী শাহানুর বেগম গণমাধ্যমকে বলেন, ডিসি খায়রুল আলম সুমন গরীব ও অসহায় মানুষদের কোনো দিন সাহায্য করেননি। ওনার দরজায় ঘুরতে ঘুরতে সাধারণ মানুষ ক্লান্ত হয়ে পড়েছিল।
এই গণবিক্ষোভ ও গুরুতর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সাংবাদিকরা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে প্রথমে তিনি তার অফিস সহায়কের মাধ্যমে কোনো বক্তব্য দেবেন না বলে জানিয়ে দেন। পরবর্তীতে কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা পুনরায় তাকে এই বিষয়ে প্রশ্ন করলে, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন ছিন্নমূল মানুষদের এই বিক্ষোভ বা দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ১৩ নভেম্বর জেলা প্রশাসক হিসেবে বরিশালে যোগদান করেছিলেন খায়রুল আলম সুমন। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানান অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গত ১ জুলাই তাকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
টিএইচএ/
